বাড়ছে শৈত্যপ্রবাহের আওতা, কমছে তাপমাত্রা

পঞ্চগড় জেলা তীব্র শৈত্যপ্রবাহের কবলে রয়েছে বেশ কিছুদিন ধরে, শুক্রবারও এখানে থাকবে তীব্র শৈত্যপ্রবাহ। পাশাপাশি সারা দেশেই তাপমাত্রা কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহের আওতাও বেড়ে যেতে পারে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে দাঁড়ায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত বুধবারের চেয়ে এখানে অবশ্য তাপমাত্রা কিছুটা বেশিই ছিল গতকাল বৃহস্পতিবার। গত বুধবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মওসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
শুক্রবার পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ থাকবে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও বরিশাল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।
বৃহস্পতিবার রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার পূর্বাভাস ছিল। আবহাওয়া অফিস আজ দিনের বেলায়ও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। আজ সারা দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ ছিল রাজশাহীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছীতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৮, সৈয়দপুরে ৮.২, ডিমলায় ৭.৮ ও রাজারহাটে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় ছিল ৮.৮ ও ৮.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীর সময় ডট কম

Comments

Popular posts from this blog

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭ বিদেশী শিক্ষার্থী ভর্তি